নয়া আলো ডেস্কঃ- আবারো ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এবারে ভুল অপারেশন করায় ঢাকার সাভারের একটি হাসপাতালে এক নারীর মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঐ নারীর নাম জাহানারা (৩৭) বলে জানা গেছে। মৃত নারীর পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, গত ১ জুলাই, ২০১৮ তারিখে সাভার সেন্ট্রাল হাসপাতালে জাহানারাকে ভর্তি করা হয় এবং ৯ জুলাই, ২০১৮ তারিখে ডাঃ অসিত বরণ তার অপারেশন করেন। পরবর্তীতে গত ১৬ জুলাই, ২০১৮ তারিখে হাসপাতালে ভর্তি থাকাবস্থায়ই রোগীর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের দাবী ভুল অপারেশনের কারণেই জাহানারার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফের মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রথমে কল রিসিভ করে বিষয়টি শুনেই ‘এ ঘটনা যেখান থেকে শুনেছেন সেখানে গিয়ে জানতে চান’- বলে কলটি কেটে দেন। এরপর দ্বিতীয়বার তাকে কল করা হলে তিনি এই প্রতিবেদকের পরিচয় পুনরায় জেনে নিয়ে বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি হয়েছে, তারা বিষয়টি দেখবেন। আর রোগী এক তারিখে ভর্তি হয় এবং ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ সার্জন তার অপারেশন করায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে।

এতে আমাদের দায় কোথায়? কথা শেষ না হতেই কেনো কল কেটে দিলেন জানতে চাইকে তিনি জানান, ‘ বিভিন্ন অপ-সাংবাদিকেরা এই বিষয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করে বিব্রত করেছেন আগে, তাই আপনাকেও তাদেরই একজন মনে করেছিলাম আমি’। এ ঘটনায় ১৭ জুলাই (মঙ্গলবার) ঢাকা জেলা সিভিল সার্জনের নির্দেশে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শাহানাজ পারভীনকে প্রধান করে ৪ সদস্যের শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তপক্ষ।
প্রসংগত উল্লেখ্য, প্রায়ই এ প্রাইভেট হাসপাতালটির বিরুদ্ধে ভুল চিকিৎসা করার অভিযোগ পাওয়া যায় যা বিভিন্ন সিময়ে গণমাধ্যমেও এসেছে। বিগত সময়গুলিতে যে অপারেশনটি করা যাবে না সেটিও ঐ হাসপাতাল কর্তৃপক্ষ করেছে। আর এ অপারেশনে কর্তৃপক্ষের যেমন গাফলতি রয়েছে, তেমনি ডাক্তারেরও গাফলতি রয়েছে। সাম্প্রতিক এই জাহানারা নামের রোগীর মৃত্যুর ব্যাপারে স্থানীয়রা অনেকে জানান, এ মৃত্যর ঘটনায় বিচার এমনভাবে হওয়া দরকার যে ঐ রোগিকে নিয়ে ১৬ দিন যারা খেলা করেছে এবং যাদের ভুল অপারেশনের কারণে অবশেষে রোগীকে মৃত্যর কোলে ঢলে পরতে হয়েছে- তাদের সঠিক বিচার, জেল, জরিমানা সহ হাসপাতাল বন্ধ করে তদন্তসাপেক্ষে সঠিক বিচার হওয়া দরকার।
আরও উল্লেখ্য, এর আগে সাভার সেন্ট্রাল হাসপাতালে স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে কর্তৃপক্ষসহ হাসপাতালের সকলে পালিয়ে যায়। পরে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফকে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি; বরং সংবাদ কর্মীদের হুমকি দিয়ে হাসপাতালে কিছু হয়নি বলে চলে যান।
এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: আমজাদুল হক বলেন, যে অপারেশনটি করা হয়েছে তাতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি থাকতে পারে এবং তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।







