বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে আনজুমানে ইত্তেহাদ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ৪৮ তম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল আয়োজনের লক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩মার্চ) জুম্মার নামাজ বাদ ষাটগম্বুজ বায়তুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসার সম্মেলন কক্ষে ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের ন্যায় এবারেও সুন্দর ও পরিচ্ছন্নভাবে মাহফিল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। মাহফিলের সম্ভাব্য তারিখ ধার্য হয়েছে ১,২ ও ৩ এপ্রিল। সভাপতিত্ব করবেন আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা আব্দুল হাই নদভী (পীর সাহেব বায়তুশ শরফ)। তাছাড়া মাহফিল বাস্তবায়ন কমিটিতে মৃত অথবা বিভিন্ন সভায় যারা অনুপস্থিত তাদের বাদ দিয়ে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি করনের সিদ্ধান্ত গৃহীত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেহমানদের থাকা ও খাবারের ব্যবস্থার জন্য তদারকি টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। বাস্তবায়ন কমিটিতে ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামকে আহবায়ক, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসলাম হোসেনকে সদস্যসচিব এবং হাওলাদার রফিকুল ইসলামকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ষাটগম্বুজ বায়তুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ মোঃ হুমায়ুন কবির, খানজাহান আলী মাজার মসজিদের খতিব মাওলানা খালেদ আহমেদ, এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মইজুর আলম বাবলা, সাধারণ সম্পাদক মোল্লা আব্দুল মতিন, হেফজখানা পরিচালনা কমিটির সভাপতি শেখ শামীম হাসান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিমুল, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন আল রশিদ, কাড়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোল্লা আলমগীর হোসেনসহ জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হেফজখানা এতিমখানা ও মাদ্রাসার পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
Please follow and like us:









