মেহেদী হাসান:- খুলনার খালিশপুর থানাধীন মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার পাশে বাটা জুতা কোম্পানীর গোডাউনে আগুন লেগেছে।
শনিবার (১৩ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন লাগলে নগরীর বয়রা ও খালিশপুরের ছয়টি ইউনিট এবং স্থানীয় বিপুল সংখ্যক লোকজনের অক্লান্ত পরিশ্রমে সোয়া একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বয়রা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান বলেন, নগরীর বয়রা স্টেশনের চারটি ও খালিশপুরের দু’টি মোট ছয়টি ইউনিট একত্রে প্রায় সোয়া একঘন্টা কাজ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। স্থানীয় লোকজন আমাদের ব্যাপক সহায়তা করেছেন। এখনো উদ্ধার অভিযান চলছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বাটা ব্রান্ডের স্থানীয় সেলস্ ম্যানেজার শেখ মিরাজ হোসেন বলেন, অগ্নিকান্ডে অন্তত পাঁচ কোটি টাকার বাটা ব্রান্ডের জুতা ও মূল্যবান মালামাল ভষ্মিভূত হয়েছে। আগামী ঈদুল ফিতরে খুলনা অঞ্চলের ঈদ মার্কেট ধরতে ঢাকা থেকে বিপুল পরিমাণ মালামাল সংরক্ষণ করা হয়েছিল।
ডিপো ম্যানেজার মোঃ আরিফ হোসেন বলেন, কিভাবে আগুন লাগলো- বুঝতে পারছি না। খুলনার এই প্রধান ডিপোটি ঢাকা থেকে সরাসরি পরিচালিত হয় বলে জানান তিনি।









