, , ,

শিরোনামঃ-




মার্কিন রাষ্ট্রদূতকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন আহমদীয়া মুসলিম জামা’ত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২৬, ২৩:৪৮ | 728 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৯ই এপ্রিল ২০২৬ ঢাকার বকশীবাজারে অবস্থিত আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের কেন্দ্রে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে আগমন করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।রাষ্ট্রদূতের সাথে ছিলেন মার্কিন দূতাবাসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হারমানস্কি বার্নার্ড।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকাস্থ আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে পৌছলে আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী তাকে স্বাগত জানান।

এরপর মার্কিন রাষ্ট্রদূত আহমদীয়া মসজিদ ঘুরে দেখেন এবং আহমদীয়া মুসলিম জামা’ত কর্তৃক প্রকাশিত ৭৬টি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের একটি বিরল প্রদর্শনী তিনি বেশ আগ্রহের সাথে পরিদর্শন করেন এবং বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআন হাতে নিয়ে তিনি দেখেন। শেষে পরিদর্শন বইয়ে মন্তব্যও লিপিবদ্ধ করেন।

এরপর আহমদীয়া মুসলিম জামা’তের কেন্দ্রীয় লাইব্রেরি কক্ষে সৌজন্য সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। আহমদীয়া জামাতের ন্যাশনাল আমীর সাহেব ছাড়াও জামা’তের কয়েকজন বিশিষ্ট সদস্য ও শিক্ষাবিদ এবং কয়েকজন কেন্দ্রীয় কর্মকর্তা ও মোবাল্লেগ এ সময় উপস্থিত ছিলেন; তাদের সাথে সংক্ষিপ্ত পরিচয় পর্বও অনুষ্ঠিত হয়।

এক পর্যায়ে মাওলানা হাজারী আহমদ আল মুনিম পবিত্র কুরআনের সূরা বাকারার ১৩৬ থেকে ১৩৯ নম্বর আয়াত তেলাওয়াত এবং এর অর্থ শুনান। যেখানে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন: আর তারা বলে, ‘তোমরা ইহুদী অথবা খ্রিষ্টান হও, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে’ তুমি বলো, ‘না, বরং আল্লাহর প্রতি সদা বিনত ইবরাহীমের ধর্মের অনুসরণ করো; আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।’ এর পরের দু’টি আয়াতের ইংরেজি অর্থও শোনানো হয়। এ সময় রাষ্ট্রদূত পবিত্র কুরআনের বাণি মনোযোগ দিয়ে শুনেন।

এরপর একজন মুবাল্লেগের কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রদূত জানতে চাইলে মুরব্বি সিলসিলাহ মাওলানা আব্দুল মুনিম খান চৌধুরী সংক্ষেপে তা তুলে ধরেন।

অনাড়ম্বর আলাপচারিতার মাঝে আহমদীয়া জামা’তের ন্যাশনাল আমীর সাহেব আমেরিকার প্রতি আহমদীয়া জামা’তের বিশ্ব ইমাম হযরত মির্যা মসরূর আহমদ (আই.)-এর যুদ্ধ বন্ধ করার আহ্বান রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

এক পর্যায়ে আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশের নায়েব ন্যাশনাল আমীর ড. আব্দুল্লাহ শামস বিন তারেক বিশ্ব আহমদীয়া খলীফার পত্র যা তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে পাঠিয়েছিলেন তা পড়ে শুনান-

যেখানে তিনি উল্লেখ করে বলেছিলেন ‘আপনার এবং সমুদয় বিশ্ব নেতার কাছে আমার আবেদন, বলপ্রয়োগে অন্য জাতির দমনের বদলে আপনারা কূটনীতি, সংলাপ ও প্রজ্ঞার পথ অবলম্বন করবেন। যুক্তরাষ্ট্রের ন্যায় বিশ্বের বড় বড় শক্তির আজ উচিত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ ভূমিকা পালন করা। ছোট ছোট দেশের কোন আচরণকে বিশ্বের সম্প্রীতি বিঘ্নিত করার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত হবে না।”

বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীর বর্তমান অশান্ত ও নৈরাজ্যকর পরিস্থিতি দ্রুত দূর করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সম্বলিত এ বার্তা ওয়াশিংটনে পৌঁছে দেবেন বলে রাষ্ট্রদূত জানান।

রাষ্ট্রদূতকে আহমদীয়া জামা’তের ইংরেজি কিছু বইও উপহার দেওয়া হয়, যার মাঝে ছিল বিশ্ব আহমদীয়া জামাতের ৫ম খলীফা রচিত পুস্তক World Crisis and Pathway to Peace, বিশ্ব আহমদীয়া জামাতের ৪র্থ খলীফা রচিত পুস্তক Islam’s Response to Contemporary Issues এবং চৌধুরী মুহাম্মদ জাফরুল্লাহ্ খান সাহেব রচিত Muhammad: Seal of the Prophets. সৌজন্য সাক্ষাৎ শেষে সবাই ফটোসেশনে অংশ নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET