বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত শেখ রাজিব আল রশিদের মৃত্যুতে বাগেরহাট জেলা পুলিশ ও রামপাল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোষ্টের মাধ্যমে তিনি শোক প্রকাশ করেন। সেই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোক বার্তায় পুলিশ কর্মকর্তা শেখ রাজীব আল রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ জমিরুল ইসলাম। তিনি জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুম শেখ রাজীব আল রশিদের জানাজার নামাজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোহরের নামাজের পর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর রহমান বলেন, রামপাল থানার ওসি রাজিব আল রশিদ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতা ও অসুস্থতায় ভুগছিলেন। গতকাল অসুস্থ হয়ে পড়লে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে খুলনা হেলথকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের রীতিনীতি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা সম্পন্ন হয়েছে। সব আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ খুলনার রুপসা উপজেলার আইচঘাতী এলাকায় তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে আরও একটি জানাজার শেষে তার দাফন সম্পন্ন হবে।









