গাজীপুরের শ্রীপুরে সাজানো ও মিথ্যে ঘটনায় চাঁদাবাজির মামলায় পরোয়ানাভুক্ত আসামী মাওনা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আব্দুস সাত্তারকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় স্থানীয় শতাধিক নারী-পুরুষ প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন।
শনিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা এলাকায় গ্রামবাসী এ মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন। মিছিলে মিথ্যা ও সাজানো ঘটনায় ইউপি সদস্যের মুক্তির দাবি জানান তারা। ইউপি সদস্য আব্দুস সাত্তার (৪৫) উপজেলা বদনীভাঙ্গা গ্রামের মৃত আদম আলীর ছেলে। তাকে শুক্রবার ভোরে নিজবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে স্থানীয়রা বলেন, গত বছরের নভেম্বর মাসে গাছ কাটা ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে ইউপি সদস্য আব্দুস সাত্তারসহ ৯জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন পাশ্ববর্তী সিংগারদিঘী গ্রামের মোছাঃ জহুরা আক্তার। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা না পাওয়ায় থানায় মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। পরে অভিযোগকারী জহুরা আদালতে গিয়ে আবেদন করলে আদালতের নির্দেশে সাজানো ও মিথ্যা ঘটনায় থানায় মামলা রুজু হয়। মূলত জহুরা আক্তারের সাথে ইউপি সদস্য আব্দুস সাত্তারের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। জমি সংক্রান্ত বিরোধ থাকায় তাদের মতবিরোধ চরম আকারে ছিল। সেই বিরোধের জেরেই সাজানো ও মিথ্যা ঘটনায় থানায় মামলা দায়ের করেন। গ্রামবাসীরা মামলা প্রত্যাহারসহ ইউপি সদস্যের মুক্তির দাবি জানান।
শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সারোয়ার জানান, আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।








