সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় শহরের মতি সাহেবের ঘাট এলাকায় সিরাজগঞ্জ পৌর নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে হাজী আব্দুস সাত্তারের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সাংবাদিকদের ব্যবহার করে একটি অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদটি সত্য নয় বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, হাজী আব্দুস সাত্তার একজন ব্যবসায়ী ও সমাজসেবক। তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে পৌর এলাকার পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের সহায়তা, অসহায় রোগীদের সহযোগিতা, রক্তদানের ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান ও বন্যার্তদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মানববন্ধন থেকে প্রকাশিত সংবাদটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে আসন্ন পৌর নির্বাচনে হাজী আব্দুস সাত্তার মেয়র পদে নির্বাচন করবেন বলেও ঘোষণা দেওয়া হয়।
সরকারি হাজী কোরপ আলী কলেজের সাবেক অধ্যক্ষ মকতেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন সেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হোসাইন বাবু, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু, জেলা যুবদলের সহসভাপতি ইমরুল হক ইমেজ, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমেদ।









