নিজের উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সাজিদ নামে কলারোয়ার এক ভ্যান চালক যুবক। ঘটনাটি ঘটেছে কলারোয়া পৌর সদরের গোপিনাথপুর উত্তর পাড়ায়।
ভ্যান চালক সাজিদের (২০) বরাত দিয়ে তার পরিচিত আমাদের কেঁড়াগাছি সংবাদদাতা জানান- প্রতিদিনের মতো রবিবার ভ্যান চালিয়ে রাতে বাড়ি ফিরে সাজিদ তার ভ্যানে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে সে দেখে ভ্যানটি নেই। ধারণা করা হচ্ছে গভীর রাতে তালা ভেঙ্গে কে বা কারা ভ্যানটি চুরি করে নিয়ে গেছে।
সাজিদ জানায়- সমিতি থেকে লোন (ঋণ) নিয়ে সে ভ্যানটি কিনেছিলো। ভ্যান চালিয়ে যে আয় হতো তা থেকে সংসার ও সমিতির কিস্তি চালাতো। ভ্যানটি চুরি হওয়ায় সে এখন কিভাবে কিস্তি ও সংসার চালাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
কথাগুলো বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙ্গে পড়ছিলো যুবক ভ্যান চালক সাজিদ।









