নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বানে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী রাজশাহী বরেন্দ্র কলেজে এসব কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের প্রতিপাদ্য ছিল ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন, ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন এবং দায়মুক্তির অবসান ঘটান। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রচারাভিযান চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সেমিনার। এতে নারী ও কন্যাশিশুর প্রতি পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, ধর্ষণ, যৌন হয়রানি, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং অনলাইন ও সাইবার সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাছুমা মুন্তারী।
অনুষ্ঠানটি রাজশাহী বরেন্দ কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিডোর ইডি মোঃ আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন, সাইফুল ইসলাম।
এ সময় সাংবাদিক, মানবাধিকারকর্মী, বরেন্দ্র কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, আইনের কার্যকর প্রয়োগ ও অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সহিংসতার শিকার ব্যক্তিদের নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা, মানসিক সহযোগিতা ও পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে নারীরা অনলাইন হয়রানি, সাইবার বুলিং, ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহারসহ নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। এসব অপরাধ প্রতিরোধে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিকারব্যবস্থা গড়ে তুলতে হবে।
বক্তারা নারী ও কন্যাশিশুর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমঅধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রাষ্ট্র, নাগরিক সমাজ, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।









