গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদসহ জেলার সবগুলোর নদ-নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বুধবার রাত ৯টায় তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচে নেমে আসে। বৃহস্পতিবার বিকাল ৩টায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ২২ সে.মি. নিচে নেমে আসে। এছাড়া ঘাঘট, তিস্তা, করতোয়া ও বাঙালীসহ অন্যান্য নদীর পানিও বিপদসীমার অনেক নিচে নেমে আসে।
জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানিয়েছেন, বন্যার্তদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্থ সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলায় সাহায্য হিসেবে ৬০৫ মে. টন চাল, নগদ ১৮ লাখ ৫০ হাজার টাকা, গো-খাদ্যের জন্য ১২ লাখ, শিশু খাদ্যের জন্য ৬ লাখ এবং ৬ হাজার ৬৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।









