কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। নিহতের নাম জেসমিন আক্তার(৪২)। তিনি পৌর এলাকার বালুজুড়ি গ্রামের মন্তু মিয়ার স্ত্রী। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুজুড়ির জেসমিন আক্তার, তাঁর মেয়ে নুসরাত জাহান, নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম ও এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম সোমবার দুপুর ১২টার সময় চৌদ্দগ্রাম বাজারে খরচ শেষে নাটাপাড়ার নিজাম উদ্দিনের অটোরিকশায় উঠে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় উল্টোপথে যাওয়ার সময় কে কে ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসের(ঢাকামেট্রো-ব-১২-৩৩৫৯) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি স্বজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা যাত্রী বালুজুড়ির জেসমিন আক্তার। আহত হন অটোরিকশা চালক নিজাম উদ্দিনসহ অপর চারজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেয়া হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক রবিউল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত জেসমিন আক্তার নামের এক নারী হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন। এছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট আবদুল জাব্বার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার শেষে থানায় নেয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Please follow and like us:









