আগামীকাল ১লা জুলাই থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। সরকারের ঘোষিত এ লকডাউন শতভাগ বাস্তবায়ন করতে জনসাধারণের করনীয় বিষয়ে ছাগলনাইয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বুধবার (৩০ জুন) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এক সাপ্তাহের কঠোর লকডাউন মেনে চলতে ও করোনা সচেতনতায় ছাগলনাইয়া উপজেলার সর্বসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান। এসময় তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় আমাদের সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে ছাগলনাইয়া উপজেলার সাড়ে তিন লক্ষ মানুষের পাশে থেকে যেভাবে সেবা দিয়ে আসছি শেষ পর্যন্ত এ সেবা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। সরকারের ঘোষিত লকডাউন মান্য করতে ছাগলনাইয়া উপজেলার কোন নাগরিকের কোন সহায়তা প্রয়োজন হলে তিনি অতীতের ন্যায় সহযোগিতার হাত বাড়াবেন বলেও আশ্বস্ত করেন। একই সাথে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।









