পাবনায় আগুন পোহাতে গিয়ে এক ভবঘুরে বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নগরবাড়ী ঘাটের কাছে প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘাটে।
আমিনপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, সোয়া আটটার দিকে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পান।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি জানান, বৃদ্ধা বেশ কিছুদিন ধরে নগরবাড়ী ঘাটে ভবঘুরে অবস্থায় ছিলেন। সকালে ঘাটের পাশে প্রতাপপুর গ্রামে তার গায়ে আগুন লাগা দেখে আশেপাশের লোকজন ছুটে যান। তারা গিয়ে আগুন নেভান। তখন ওই বৃদ্ধা জানান, তার বাড়ি রাজবাড়ী জেলায়। এরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং কিছুক্ষণ পর মারা যান।
ওসি (তদন্ত) আরও জানান, তারা সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছান। ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। প্রকৃত ঘটনা ও পরিচয় জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।








