দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, গীতাযজ্ঞ, শোভাযাত্রা, কৃষ্ণপুজা সহ নানা আয়োজনে পঞ্চগড়ের আটোয়ারীতে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী উৎসব । উৎসাহ- উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপিত হয়। এ উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে সোমবার (২৬ আগস্ট) জন্মাষ্টমীতে দেশের বন্যার্ততের জন্য প্রার্থনা করা হয়। আর উৎসবের খরচ কমিয়ে সেই অর্থ বন্যাদূর্গতদের পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন জন্মাষ্টমী উৎসবের আয়োজকরা। আটোয়ারী উপজেলার কেন্দ্রিয় দূর্গা মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে জন্মষ্টিমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ়্য শোভাযাত্রা কেন্দ্রিয় মন্দির হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরুর সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র ঘোষ ভানুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান । অনান্যদের মধ্যে জন্মাষ্টমীর কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: বদিউজ্জামান মানিক, মো: শাহাদত হোসেন সাজ্জাদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: মকসেদ আলী, উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির উপদেষ্টা ইশ^র চন্দ্র বর্মন, সভাপতি বিমল চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক কমলেশ চন্দ্র ঘোষ প্রমূখ। বক্তারা বলেন, দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য এ দিন মথুরায় কংসের কারাগারে মা দেবকী ও বাবা বাসুদেবের ঘর আলো করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ – এই বিশ^াস ধারণ করেই দিবসটি উদযাপন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা।









