, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কেসিসি নির্বাচন : কিছু কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ




কেসিসি নির্বাচন : কিছু কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১৫ ২০১৮, ১৬:০৩ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে তিনটি কেন্দ্র ভাংচুর করেছে সরকার দলীয় মেয়র প্রার্থীর সমর্থকরা। সেখান থেকে অন্য দলের প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার পর এ ঘটনা ঘটে।

ভাংচুর হওয়া কেন্দ্রগুলো হলো-জোহরা খাতুন স্কুল, বেয়ালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ময়লা সোনাকোটা স্কুল, গণি বিদ্যালয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু লোক জয় বাংলা স্লোগান দিয়ে কেন্দ্রগুলোতে হামলা চালায়। ভাংচুর করে কেন্দ্র। অন্য প্রার্থীদের এজেন্টদের বের করে দেয় তারা।

এদিকে ১৬ নম্বর ওয়ার্ডের নুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্নুজান সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র দুইটি থেকে সরকার সমর্থক মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের এজেন্টদের ছাড়া বাকীদের বের করে দেয়া হয়েছে।

২১ নং ওয়ার্ডের উদয়ন বিদ্যালয় থেকে ভোটারদের বের করে দিয়েছে সরকার সমর্থকরা এমন অভিযোগ পাওয়া গেছে। দৌলতপুরের ৪নং ওয়ার্ডের দেয়ানা উত্তর পাড়া ভোট কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।

এদিকে জাল ভোট দেয়ার অভিযোগে ২২নং ওয়ার্ডের ফাতেমা স্কুল কেন্দ্রের একটি বুথে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

২৪ নং ওয়ার্ডের ইকবাল নগর বালিকা বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার খলিলুর রহমানকে তালাবদ্ধ করে ধানের শীষের এজেন্টকে বের করে দিয়ে ৪০/৫০ জন সরকার সমর্থক ব্যালটে সীল মেরে চলে যায়। সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।

 

২২ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থীত কাউন্সিলর প্রার্থী মাহমুদ কাউসারের এজেন্ট আলী আকবরকে মারধরের অভিযোগ উঠেছে। মাহমুদ কাউসার ২২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। সকাল ৭টা ৪৫ মিনিটে মহানগরীর জিলা স্কুল কেন্দ্রে আ’লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ পিকুর সমর্থকরা তাকে মারধর করেছে বলে অভিযোগ করা হয়।

কাউন্সিলর প্রার্থী মাহমুদ কাউসার বলেন, আমার এজেন্ট আলী আকবর সকাল ৭টা ৪৫ মিনিটে জিলা স্কুল কেন্দ্রে ঢুকতে গেলে আ’লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ পিকু লোকজন তাকে মারধর করেন। তাকে কেন্দ্রে ঢুকতে বাধা দেন। পরে তাকে উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করছেন মাহমুদ। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া জালভোট প্রদানের অভিযোগে স্থগিত হওয়া ২২ নম্বর ওয়ার্ডের ফাতেমা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৮৫টি জালভোট বাতিল করা হয়েছে। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জিয়াউল হক বলেন, সকাল পৌনে ১০টা থেকে সোয়া দশটা পর্যন্ত জালভোট দেওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে পরে আইন-শৃঙ্খলা-বাহিনীর সহায়তায় ফের ভোটগ্রহণ শুরু হয়েছে। ৮৫টি জালভোট বাতিল করা হয়েছে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৯০৬। বর্তমানে ৬টি বুথে ভোটগ্রহণ চলছে।

লবনচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রোকনুজ্জামান বলেন, বেলা ১২টা থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। প্রচুর সিল মারা ব্যালট জব্দ করা হয়েছে। তবে ওই সময় র‌্যাব এসে পড়ায় এগুলো বাক্সে ঢুকাতে পারেনি। তিনি উপরে ছিলেন, কারা এসেছিল জানতে পারেনি। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ২০১৬ জন। দুপুর ১২টা পর্যন্ত ১০০০ এর মতো ভোট পড়েছে বলে জানান এ কর্মকর্তা।

রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সবকঽটি (৫টি) বুথের ব্যালট পেপারে সিল মারা হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।এ সময় তিনি পাঁচটি বুথেই ঘুরে ঘুরে ব্যালট পেপার দেখিয়ে বলেন, ব্যালট ব্যাপারে কোনো ভোটারের টিপসই নেই, সিল নেই। সব সিল আগেই মারা হয়ে গেছে। আমি যে সব অভিযোগ করেছিলাম তা সত্য হয়েছে। রূপসা ভোট কেন্দ্রে মেয়রের বই কেটে সিল মারা হয়েছে। আমি নির্বাচন অফিসারকে বলেছি এখানে এসে পদক্ষেপ নেয়ার জন্য। এভাবে চললে কোথাও অবাধ, সুষ্ঠু ভোট হওয়ার সুযোগ নেই। আমি নিজে দেখেছি বই কেটে ব্যালট বাক্স ভরা হয়েছে। তিনি বলেন, আমি রিটার্নিং অফিসারকে বলব সেসব কেন্দ্রে ভোটি ডাকাতি হয়েছে সেখানে ফের ভোট নিতে। ভোট হোক শেষ পর্যন্ত আমি চাই।

এর আগে ২৫টি কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের ঢুকতে দেয়নি বা বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার সকাল ৮টা থেকে একযোগে এ সিটি করপোরেশনের ২৮৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। তার আগে এজেন্টরা দলীয় পরিচয় নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয় বলে মঞ্জু অভিযোগ করেন।

বিএনপির প্রার্থী ভোট দেন নগরীর রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভোটদান শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন। তিনি এ ব্যাপারে দ্রুত নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে বিএনপির সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম মনাও দুটি কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন।

সকালে ভোট গ্রহণ শুরুর পর নগরীর নূরনগর স্কুল, ইউসেপ স্কুল, হাজি ফয়েজ উচ্চ বিদ্যালয়, পোর্ট স্কুল ও এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে একমাত্র এরশাদ আলী স্কুলে বিএনপির এজেন্ট দেখাগেছে। বাকি চার কেন্দ্রে বিএনপির এজেন্ট ছিল না। এসব কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও অন্য কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্র থাকলেও সেখানে বিএনপি প্রার্থীর কোনো কেন্দ্র ছিল না।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ৪০টি কেন্দ্র থেকে পুলিশের সহযোগিতায় বিএনপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ অভিযোগ করেন। রিজভী বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা। এসব কেন্দ্রে ভোটারদেরও ভোট দিতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়ে এসব কেন্দ্রে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা জাল ভোট দিচ্ছে, এ অভিযোগ করেনন রিজভী।

খুলনা সিটিতে মোট ভোটার চার লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকেন্দ্র ২৮৯টি। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার রয়েছে চার হাজার ৯৭২ জন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে। নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ২০৬ নম্বর কেন্দ্র ও ২৭ নম্বর ওয়ার্ডের ২৩৯ নম্বর কেন্দ্রে মোট ১০টি ইভিএম রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET