ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন শুভপুর ইউপির ৯ নং ওয়ার্ড উত্তর মন্দিয়া গ্রামের মৃত মোস্তফা পাটোয়ারীর তিন অন্ধ প্রতিবন্ধী সহোদর ভাইকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে আসলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে এসব উপহার সামগ্রী নিয়ে প্রতিবন্ধী তিন ভাইয়ের পাশে দাঁড়ালেন সোহেল চৌধুরী। সোহেল চৌধুরী জানান, একই পরিবারের তিন অন্ধ প্রতিবন্ধী ভাইয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবোক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপির পক্ষ থেকে এক মাসের খাদ্য সামগ্রী ও নিজের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি মেম্বার আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জমির উদ্দিন বাবু প্রমুখ। উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিবন্ধী তিন ভাই বলেন, বর্তমান করোনা পরিস্থিতি ছাড়াও সোহেল চৌধুরী আর্থিক সহায়তা, খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ভাবে সবসময় আমাদের পাশে রয়েছেন। এসময় উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী প্রতিবন্ধী তিন সহোদরের জন্য সরকারি বরাদ্দ থেকে একটি ঘর নির্মাণ করারও আশ্বাস প্রদান করেন।







