বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস’র প্রাদুর্ভাব দেশে দেখা দেয়ার পর সরকারের নির্দেশনা অনুযায়ী করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য লাশ দাফন টিম গঠন করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। উপজেলা নির্বাহী অফিসার’র সার্বিক তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত টিমের মাধ্যমে গত দুইমাসে ছাগলনাইয়া উপজেলায় করোনা আক্রান্ত ১৬ জন ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। গত ৬ মে ২০২০ ইং তারিখে ছাগলনাইয়া পৌর এলাকার হিছাছরা গ্রামে রফিকুল হক মজুমদার নামক করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাফনের মাধ্যমে ছাগলনাইয়ায় শুরু হয় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত টিমের দাফন কার্যক্রম। করোনাকে ভয় না করে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত লাশ দাফন টিমের সদস্যবৃন্দ করোনায় মৃতদের দাফন কার্য চালিয়ে যাচ্ছে।
এরপর ২৮ মে পশ্চিম ছাগলনাইয়া মজুমদার কালাগাজী বাড়ীর শহিদ উল্যাহ মজুমদার, ৩০ মে পূর্ব পাঠানগড় গ্রামের হুমায়ুন কবির, ৬ জুন দক্ষিণ সতর গ্রামের নূর নবী মির্জা এবং পশ্চিম শিলুয়া গ্রামের আবদুর রব, ৭ জুন দক্ষিণ সতর গ্রামের আবু তাহের চৌধুরী, ২৩ জুন বাঁশপাড়া গ্রামের হাজী নুর হোসেন, ২৫ জুন পশ্চিম মধুগ্রামের জহিরুল হক এবং বাঁশপাড়া গ্রামের আবদুল মোমিন পাটোয়ারী, ২৬ জুন দক্ষিণ সতর গ্রামের আবু ছৈয়দ এবং পূর্ব শিলুয়া গ্রামের সাবিহা আরজুমান, ২৮ জুন উত্তর কুহুমা গ্রামের রেহানা আক্তার, ৩০ জুন মাটিয়াগোদা গ্রামের আয়েশা আক্তার, ১ জুলাই গতিয়া খন্দকার বাড়ীর খন্দকার মোজাম্মেল হক প্রকাশ গেদু চাচা, ৩ জুলাই দক্ষিণ মন্দিয়া গ্রামের রুছিয়া বেগম এবং ৪ জুলাই দক্ষিণ যশপুর গ্রামে করোনায় মৃত্যুবরণকারী আবুল কালাম আজাদের লাশ দাফন সহ গত দুই মাসে মোট ১৬ টি লাশ দাফন করেছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত টিমটি।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের জানান, ছাগলনাইয়ায় করোনায় মৃত্যু হয়েছে এমন যেকোন ব্যক্তির লাশ দাফনে আমি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত টিম পাঠিয়ে দাফন কার্য সম্পন্ন করছি। তিনি বলেন, করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত দাফন টিমের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা অতীতের ন্যায় অব্যাহত রাখব।
Please follow and like us:









