বুধবার (১ জুলাই) সকালে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন ইউনিটের জন্য হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’র উদ্বোধন করা হয়। ছাগলনাইয়া উপজেলা পরিষদের অর্থায়নে এ সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে। আইসোলেশন ইউনিট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। তিনি ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সম্বলিত করোনা আইসোলেশন ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহনের জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন। বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় উল্লেখ্য করে হাসপাতালটির টিএসও ডাঃ মোঃ শিহাব উদ্দিন বলেন, ১০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। বর্তমানে চারটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা ইউনিট চালু হচ্ছে। নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য আরো বিশটি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন। ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের হাই-ফ্লো অক্সিজেন সেবা এবং করোনা রোগীর চিকিৎসা বিষয়ে ফেনী বিএমএ ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, শিল্পপতি আলহাজ্ব নূরুন নেওয়াজ সেলিম তার ব্যাক্তিগত অর্থায়নে অত্র হাসপাতালে ৬টি কেবিনের জন্য ৬টি এয়ারকন্ডিশন (এসি) প্রদান করেছেন। স্থানীয় সাংসদ শিরীন আখতার এমপি অক্সিজেন রিফিল করার জন্য নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। কোভিড-১৯ এর রোগীর সংখ্যা বাড়লে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যাও বৃদ্ধি করার আশ্বাস দেন উপজেলা প্রশাসন।









