পুরো আষাড় মাস জুড়ে বর্ষায় ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া-সহ বিভিন্ন বিল-রাস্তাঘাট ও গ্রাম এলাকায় জলাবদ্ধতা প্রকটাকার ধারণ করেছে। বিএডিসি’র সেচ পাম্প গুলো কাজ করছে না। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত খাল খননে কোটি কোটি টাকা গচ্ছা গেছে।
ভুক্তভোগী মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে প্রায়-প্রতিদিনই বর্ষা লেগেই আছে। ইতোমধ্যে বিল ডাকাতিয়া’র প্রায় সকল চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। তাছাড়া ওই বিলের মধ্যেই সাড়াভিটা, বটবেড়া, বারানসী, মুজারঘুটা গ্রামের অধিকাংশ রাস্তা-ঘাটে পানি উঠার পাশাপাশি বাড়ি-ঘরের উঠানেও পানি উঠে গেছে। উপজেলার আটলিয়া ইউনিয়নের পুটিমারী, আধচরমানিক, বয়ারসিং গ্রামের রাস্তাঘাট তলিয়ে মানুষ চলাচলের অনুপয়োগী হয়ে পড়েছে। শোভনা ইউনিয়নের পশারীবাড়ি ও খর্ণিয়া ইউনিয়নের সিংগা বিলের অবস্থাও সঙ্কটজনক। এছাড়া ডুমুরিয়া উপজেলা সদর-সহ জোয়ারের বিল, কুদালকাটা, মাধবকাঠি বিলেও জলাবদ্ধতা প্রকটাকার ধারণ করেছে।
২০২৪ সালে বিল ডাকাতিয়া-সহ সমগ্র ডুমুরিয়া উপজেলায় কয়েক-মাস ব্যাপি মারাত্মক জলাবদ্ধতায় মাছ ও সবজি-সহ ঘরবাড়ি-রাস্তাঘাটের ক্ষয়-ক্ষতি কয়েক’শ কোটি টাকা ছাড়ায়। ওই অবস্থা থেকে মানুষকে বাঁচাতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন’র তৎপরতায় খুলনা পানি উন্নয়ন বোর্ড শোলমারী ১০ ভেন্টের স্লুইস গেটের খাল সংস্কার করে পানি সরানোর ব্যবস্থা, খুলনা’র বিএডিসি কর্তৃপক্ষ ডুমুরিয়া সদর, গোলনা, রানাই, নর্ণিয়া-সহ ৪টি জায়গায় নতুন করে বিদ্যুৎ-সহ উচ্চ ক্ষমতার সেচ পাম্প বসানোর ব্যবস্থা করেন। এবং তার ফলে চলতি বছর জানুয়ারিতে অধিকাংশ বিলেই বোরো ধান আবাদ হওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষক কিছুটা বাঁচার পথ পান। কিন্তু চলতি বর্ষা মৌসুমের শুরুতেই জলাবদ্ধতা প্রকটাকার ধারণ করেছে।
এলাকার পানি নিষ্কাশনে সেচ মেশিনের বিদ্যুৎ বিল সংশ্লিষ্ট এলাকার কৃষকদের দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন ঘটেনি। ইতোমধ্যে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি’র ডুমুরিয়া জোনাল অফিস থেকে বিএডিসি’র কাছে ডুমুরিয়া সদর-সহ ৪টি বিলের ৬ লাখ ৭৫ হাজার ৩৯৮ টাকা ও উত্তর ডুমুরিয়া খ্যাত বিল তাওয়ালিয়া-সহ ৭টি বিলের ৭ লাখ ১০ হাজার ৬৮৩ টাকা বকেয়া বিল পরিশোধের জন্য চিঠি দিয়েছেন। এখানে উল্লেখ্য ডুমুরিয়া সদর-সহ কয়েকটি সেচ-পাম্প নষ্ট হয়ে পড়েছে। পলি পড়ে ১০ ভেন্টের স্লুইস গেটটি সম্পূর্ণ বন্ধ হলেও সরকার জুন-২০২৫ থেকে শোলমারীতে ৩৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন ২টি সেচ মেশিন দিয়ে পানি নিষ্কাশন অব্যাহত রেখেছে।
এ প্রসঙ্গে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল বলেন, চলতি বর্ষায় বিল ডাকাতিয়া’র অধিকাংশ ঘের তলিয়ে গেছে। কয়েকটি গ্রামের রাস্তা-ঘাটে পানিও উঠেছে। অবিলম্বে শোলমারীতে আরও কয়েকটি উচ্চ ক্ষমতার পাম্প কসানো একান্ত প্রয়োজন।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানরা তো বিদ্যুৎ বিলের দায়িত্ব নিয়েছিলো। খর্ণিয়া ইউপি কিছুটা দায়িত্ব পালন করেছে। যাই-হোক যত দ্রুত সম্ভব বিদ্যুৎ বিল দেওয়ার চেষ্টা করছি।
বিএডিসি খুলনা’র নির্বাহী প্রকৌশলী ফারুক জামাল বলেন, গত-বছর ওইসব পাম্প মেশিন বসানোর জন্য পল্লী বিদ্যুৎ-কে ১০ লাখ টাকা দিয়েছিলাম। তখন কথা ছিলো, বিল দিবে সংশ্লিষ্ট এলাকাবাসী। কিন্তু তারা তা না করায় লাখ-লাখ টাকা বিল বাকি পড়ায় পল্লী বিদ্যুৎ তার সংযোগ অকল করে রেখেছে।
Please follow and like us:









