খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা চলনবিলের জনপদের বিভিন্ন মাঠে বিনামূল্যে সরকারী প্রণোদনার সার ও উন্নত জাতের বীজ পেয়ে সরিষা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে কার্তিক মাসের প্রথম থেকে সরিষা রোপনের জমি প্রস্তুত ও রোপণ শুরু হয়েছে, চলবে অগ্রায়নের শেষ পর্যন্ত। প্রাকৃতিক ভাবে চলনবিলের মাটি অনেক উর্বর হলেও বছরের পর বছর স্থানীয় জাতের সরিষা চাষ করে ফলন কম হওয়া ও উৎপাদনে সময় বেশি লাগায় কৃষকরা সরিষা চাষ কমিয়ে দেয়। তবে গত ৩ বছর থেকে মৌসুমের শুরুতে কৃষি বিভাগ ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’ উদ্ভাবিত অধিক ফলনশীল (উফশী) বারি-১৪ ও বারি-১৫ জাতের সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে। উন্নত জাতের সরিষা মাত্র ৫৫-৬০ দিনে ঘরে তোলা যায়। প্রতি হেক্টরে ফলন হয় প্রায় দেড় হাজার কেজি। সরিষা কেটে ওই জমিতে আবার বোরো ধান আবাদ করা যায়। এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানায়, উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ১০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তবে চলতি বছর এই লক্ষমাএা ছাড়িয়ে যাবে, কারণ বিগত বছর গুলোতে উপজেলার অনেক মাঠে জলাবদ্ধতার কারণে সরিষা চাষ করা সম্ভব হয়নি। কিন্তু চলতি মৌসুমে সময় মতো পানি নিষ্কাসন ও আবহাওয়া অনুকূলে থাকার কারনে কৃষক ব্যপকভাবে সরিষা চাষে ঝাপিয়ে পড়েছে। সরজমিনে তাড়াশ সদরে দক্ষিণ পশ্চিম মাঠে গিয়ে দেখা যায় অধিকাংশ জমিতে কৃষক ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে চাষে ব্যস্ত আবার কেউ রোপনে ব্যস্ত আবার কেউ আবর্জনা পরিস্কারে ব্যস্ত। সেখানে একাধিক কৃষক বলেন বিগত বছর গুলোতে জলাবদ্ধতার কারণে আমরা সরিষা করতে পারিনি এবছরে সঠিক সময়ে পানি নিষ্কাসন আবহাওয়া অনুকূলে পাশাপাশি সরকারি প্রনোদনায় বীজ সার পাওয়ায় ব্যপকভাবে সরিষা চাষে ঝাপিয়ে পড়েছি। তাড়াশ উপজেলায় সরিষা চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ প্রণোদনা হিসেবে বিনামূল্যে ৩,৫০০ জন কৃষককে ১কেজি উন্নত জাতের বীজ, ২০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও ১০ কেজি এমওপি (মিউরেট অফ পটাশ) সার সরবরাহ করেছেন।
উপজেলার ভায়াট গ্রামের কৃষক আনসব আলী, মোবারক হোসেন, সুকুমল প্রাং ও চকজয়কৃষ্ণপুর গ্রামের গ্রামের কৃষক নান্নু,আমির আলী সহ কয়েকজন কৃষক বলেন, আমন ধান কাটার পর জমি তৈরি করে সরিষা আবাদ করা হয়। ৫৫-৬০ দিনের মাথায় সরিষা ঘরে আসে। প্রনোদনাপ্রাপ্ত ১ বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয় ১৫০০ থেকে ২০০০ টাকা। প্রতি বিঘায় ৭-৮ মণ ফলন হয় সরিষার, যা বর্তমান বাজারে বিক্রি হবে ১০ থেকে ১২ হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা আরো বলেন, আমরা সরিষা চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি। প্রণোদনা কৃষকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে কৃষকদের দিক নির্দেশনা দেয়া হচ্ছে। কৃষকরা যতক্ষণ ফসল ঘরে না তুলছেন ততক্ষণ কৃষি বিভাগ তাদের পাশে থাকবে। তিনি বলেন, বারি-১৪ সরিষা বপনের মাত্র ৫৫-৬০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। কৃষকরা সরিষা উত্তোলন করে বোরো আবাদ করতে পারেন বলে এটাকে ‘ফাও ফসল’ হিসেবে অভিহিত করে থাকেন। এ জাতের সরিষা গাছ লম্বা হয় এর পাতা মাটিতে ঝরে পরে জৈব সারের কাজ করায় জমির উর্বরতা শক্তি বাড়ে। সরিষা আবাদের পর জমিতে বোরো ধান আবাদে সারের পরিমান খুবই কম লাগে।









