মোঃসোহাগ হোসেন, বেনাপোল থেকেঃ ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দর থেকে কোনও মালামাল খালাস হয়নি। শ্রমিকরা বন্দর থেকে আজও ভারতে কোনও পণ্য রফতানি হতে দেয়নি। ধর্মঘটে গত দুদিনে সরকার ৩৬ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। তবে এ সময় বেনাপোল কাস্টমস ও বন্দরে অন্য সব ধরনের কাজ চলেছে স্বাভাবিক নিয়মে।
ভারতে রফতানির অপেক্ষায় পণ্যবাহী শত শত ট্রাক দাড়িয়ে রয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল থেকে পণ্যবাহী কোনও ট্রাক বন্দর ছেড়ে যেতে না পারায় বন্দর অভ্যন্তরে মালামাল ওঠানামাও বন্ধ রয়েছে। তবে ভারতের সঙ্গে স্বাভাবিক রয়েছে দেশের আমদানি বাণিজ্য।
ভারত থেকে আসা শত শত যাত্রী আটকা পড়েছেন বেনাপোল চেকপোস্ট সহ বিভিন্ন পরিবহন কাউন্টারে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন নারী, শিশুসহ বৃদ্ধ রোগী যাত্রীরা। অনেকেই আবার বিকল্প ব্যবস্থায় ভ্যান, রিকশা, টেম্পু ও ট্রেনে করে আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। স্থানীয় আবাসিক হোটেল ও পরিবহন কাউন্টারেও অপেক্ষা করতে দেখা গেছে তাদের। বেনাপোল বন্দর এলাকায় কয়েকশ’ রফতানি পণ্য বোঝাই ট্রাক ভারতে রফতানির অপেক্ষায় আটকে আছে।
বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী সাংবাদিকদের জানান, পরিবহন ধর্মঘটে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে রফতানি বাণিজ্য। তবে ভারতে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যাহত আছে।
বেনাপোল বন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাস জানান, পরিবহন ধর্মঘটের কারণে বাংলাদেশ থেকে কোনও পণ্য রফতানি হয়নি ভারতে। তবে আমদানি বাণিজ্য স্বভাবিক রয়েছে।
Please follow and like us:









