যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সারা দেশে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নিরাবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে তার মুর্যালে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন উপাচার্য।
এর আগে শুক্রবার দিবাগত রাত ২টায় সিটি করপোরেশনের মেয়র দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে শনিবার প্রত্যুষে মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী কোরআন তেলাওয়াত এবং দোয়া-মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। তবে করোনার কারনে সব আয়োজন সীমিত করা হয়।
এদিকে, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।
অপরদিকে, শোক দিবসের সকল কর্মসূচী নির্বিঘ্ন এবং শান্তিপূর্ন করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।
গৌরনদীঃ গৌরনদীতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ ও বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক দুটি শোক র্যালি বের করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বের হওয়া ওই র্যালি দুটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বের হওয়া র্যালিটির নেতৃত্ব দেন মোঃ হারিছুর রহমান সাধারন সম্পাদক গৌরনদী উপজেলা আওয়ামীলীগ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে ভোরে তাদের স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনসহ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে অসংখ্য শোক র্যালি বের করা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আগৈলঝাড়াঃ আগৈলঝাড়ায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়নমণি শহীদ আ: রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্ট সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়নমণি শহীদ আ: রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো: মাজাহারুল ইসলাম, এস আই আব্বাস উদ্দিনসহ প্রমুখ।








