বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফকির ফহম উদ্দিনের বিরুদ্ধে দূর্ণিতিসহ বিভিন্ন অভিযোগে অনাস্থা প্রস্তাব গ্রহন করেছে ইউপি সদস্যরা। একই সাথে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে পরিষদের ১১ সদস্য। জানাগেছে, ইউনিয়নের প্রভাবশালী ব্যাক্তি হওয়ায় ইউনিয়ন পরিষদের নারকেল গাছ সহ বিভিন্ন ধরনের ফলজ গাছ ও পুকুর দীর্ঘদিন ধরে ব্যাক্তি সম্পত্তি হিসেবে ব্যবহার করে আসছেন, ইউপি সীমানা প্রচীরের পুরাতন ইট নিয়ে তার নিজ বাড়িতে ব্যবহার করছেন, ভাতা ভোগীদের কাছ থেকে অর্থ গ্রহন, টাকার বিনিময়ে সরকারী ঘর প্রদান, শালিশ বৈঠকের নামে অর্থ গ্রহন, ট্যাক্স, ট্রেড লাইসেন্স, এলজিএসপি প্রকল্পসহ নানান অনিয়মে জড়িত ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন। জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানজিল্লুর রহমান বলেন, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের বিরুদ্ধে ইউপি সদস্যরা অনাস্থা প্রস্তাব গ্রহন করেছেন। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন। অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।









