মৌমাছি সংগ্রহ করে বাড়ির ছাদে মৌ-বক্স বসিয়ে কৃত্রিম উপায়ে মধু উৎপাদন করেন যশোরের মণিরামপুরের চাষিরা। এতে ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদাও মেটানো যাচ্ছে। এমনকি খাঁচায় মধু চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন তারা।
তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার কৃষক পর্যায়ে সরকারের পৃষ্ঠপোষকতায় কৃত্রিম মধু চাষ শুরু হয়। এরইমধ্যে আদর্শ বীজের ডিলার তৈরিতে উপজেলার ১৪টি ইউপির ১৪ জন নির্বাচিত কৃষককে বিনামূল্যে মৌ-বক্স দেয় উপজেলা কৃষি অফিস। এছাড়া তাদের সার ও বীজ দেয়া হয়েছে।
আদর্শ বীজ উৎপাদনকারী চাষি উপজেলার মশ্মিমনগর ইউপির রামপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, গত বছর মৌ-বক্স পেয়েছি। তখন মৌমাছি সংগ্রহ করতে না পারায় মধু উৎপাদন করতে পারিনি। এবার কালিগঞ্জ এলাকার এক আত্মীয়র মাধ্যমে তিন হাজার টাকা খরচে আটটি মৌচাক এনে দোকানের ছাদে বক্সে বসিয়েছি।
তিনি বলেন, ফসল ও মধু বেশি পেতে নিজের এক একর জমিতে সরিষা ও এক একর জমিতে মসুর ডাল চাষ করেছি। এছাড়া আশপাশে অনেকেই সরিষার চাষ করেছেন। গত দুই মাসে দুইবার মধু সংগ্রহ করেছি। প্রথমবার অল্প পেলেও পরেরবার দেড় কেজি পেয়েছি। এখন মৌমাছির সংখ্য অনেক। এবার মধুর পরিমাণ বাড়বে।









