কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিরাজগঞ্জ জেলা কমিটি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার নিশ্চিতকরণে এক ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে শহরের প্রেসক্লাব চত্বর থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রচারণাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা যেমন এস এস রোড, বড় বাজার, চাউল পট্টি, ফল ভান্ডার গলি এবং কাঁচা বাজার এলাকা জুড়ে পরিচালিত হয়। এ সময় ক্যাব সদস্যরা সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ভোক্তা অধিকার সংক্রান্ত হ্যান্ডবিল বিতরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্যাব, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি জনাব মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক আবু জাফর খান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল রানা এবং কোষাধ্যক্ষ জনাবা শিরিন ফেরদৌসি সুমি। তারা হ্যান্ড মাইকের মাধ্যমে ভোক্তা অধিকারের গুরুত্ব এবং ক্রেতাদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন। বক্তারা ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং যেকোনো প্রতারণা বা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করেন।
কমিটির সদস্যরা জানান, এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। প্রতি মাসে ২ থেকে ৩টি করে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটি দৃঢ় প্রতিজ্ঞ যে, তাদের এই প্রচেষ্টার মাধ্যমে সিরাজগঞ্জ জেলায় ভোক্তা অধিকার নিশ্চিতকরণে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।









