খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মোঃ আশরাফুল (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মহামুনি তালতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। রাত আনুমানিক ১১টার দিকে মহামুনি তালতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আশরাফুলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের গোবরা পাড়া এলাকার রবজেল মন্ডলের ছেলে বলে জানা গেছে।
পরবর্তীতে আটককৃত যুবক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে মাদক পাচারসহ সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Please follow and like us:









