বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করার ষড়যন্ত্র চলছে। যারা একাত্তরে স্বাধীনতার সময় বলেছিল-বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। তারাই আজ সে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তিনি আরও বলেন, ২০০১ সালে নৌকায় ভোট দেয়ার অপরাধে আ’লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। পূর্ণিমা রানীসহ অসংখ্য নারীকে ধর্ষণ করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগষ্টে শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে জামায়াত-বিএনপি রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে এ গ্রেনেড হামলা চালিয়েছে। তার নির্দেশদাতা ছিলেন তারেক রহমান। ২০১৩ সালে জামায়াত-বিএনপি আন্দোলনের নামে নিরীহ মানুষকে অগ্নি সন্ত্রাস করে হত্যা করেছে। তারা সে অগ্নিসন্ত্রাসের রাজনীতি আবার শুরু করেছে। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে।
সুজিত রায় আরো বলেন, আ’লীগের প্রাণশক্তি হচ্ছে তৃণমূল। তৃণমুল অভিমানী হয়, বেঈমান নয়। তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচনে সকল নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। সুজিত রায় শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন আ’লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন সাবেক রেলমন্ত্রী, কুমিল্লা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি। মুন্সিরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা আবু তাহেরসহ উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








