গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ নিয়ে বাক বিতন্ডায় দোকানে হামলা এবং দোকান মালিকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনার মূল আসামীকে গ্রেপ্তার করেছেন শ্রীপুর থানা পুলিশের একটি বিশেষ টিম। শুক্রবার দিবাগত ভোর রাতে পাবনা আটঘরিয়া উপজেলার সালাউদ্দিনের বাড়ি থেকে গ্রেপ্তার করে দুপুরে শ্রীপুর থানায় নিয়ে আসে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সারোয়ার। গ্রেফতারকৃত মোফাজ্জল সরকার (৪৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের ফালু সরকারের ছেলে।
শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সারোয়ার জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আটঘরিয়া থানার সহযোগিতায় নিশ্চিত হয়ে কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল-মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামীর আত্বীয়ের বাড়ি থেকে ভোরে তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়। অভিযুক্ত অপর আসামীরা হলেন তেলিহাটি গ্রামের ফালু সরকারের ছেলে তোফাজ্জল সরকার, তার ভাই তাইজু সরকারসহ তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ২২ জুলাই রাতে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বাক বিতন্ডায় আসামীরা দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দোকান মালিককে হত্যার চেস্টা করে। এ সময় দোকান মালিক ও তার তিন ভাই অগ্নিদন্ড হয়। উক্ত ঘটনায় দোকান মালিক মোজাম্মেল হোসেনের ভাই তোফাজ্জ্বল হোসেন বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ দোকান মালিকের ছোট ভাই আরিফ হোসেন (২৬) মারা যান। আরিফ উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয় খালি গ্রামের জজ মিয়ার ছেলে।








