সিরাজগঞ্জে সরকারি ছুটির দিনগুলোতে অসহায় ও নিম্নআয়ের মানুষদের জন্য মানবিক উদ্যোগ নিয়েছেন নবজাতক, শিশু স্বাস্থ্য ও শিশু পুষ্টি বিশেষজ্ঞ ডাঃ মোঃ মোহসেনুল মোমেন। তিনি নামমাত্র ১০০ টাকার বিনিময়ে রোগী দেখার পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছেন।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শহরের মিরপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে রোগী চিকিৎসা নিতে আসেন। এসময় অনেক দিনমজুর, কৃষক, শ্রমজীবী মানুষ নামমাত্র খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পেরে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেন।
ডাঃ মোহসেনুল মোমেন বলেন, অসহায় মানুষদের অনেকেই আর্থিক সংকটের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না। আমি চাই আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে। তাই সরকারি ছুটির দিনে বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করি।
রোগীর অভিভাবক মিজানুর রহমান জানান, শিশুর অসুখ নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে গেলে অনেক খরচ হয়। আজ মাত্র ১০০ টাকায় ডাক্তার দেখাতে পেরেছি। সাথে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করানোয় আমরা খুবই উপকৃত হয়েছি।
আরেকজন অভিভাবক রুবিনা খাতুন বলেন, ডাঃ মোহসেনুল মোমেন শুধু একজন ভালো ডাক্তারই নন, তিনি একজন মানবিক মানুষও। সাধারণ মানুষের জন্য এভাবে সেবা দেওয়া সত্যিই প্রশংসনীয়।
ডাঃ মোমেন বর্তমানে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমপিএইচ, ডিসিএইচ (অস্ট্রেলিয়া) এবং পিজিপিএন (বোস্টন ইউনিভার্সিটি, ইউএসএ) ডিগ্রিধারী। এর আগে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।
ডাঃ মোহসেনুল মোমেনের এ ধরনের উদ্যোগ অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা এ কার্যক্রমকে নিয়মিত করার দাবি জানান।









