সিরাজগঞ্জ ক্যাপ্টেন এম মনসুর আলী অডিটোরিয়ামে করোনাকালীন এবং করোনা পরবর্তী প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের চাকরি জাতীয়করণ, ৮ ঘন্টা কর্মদিবস নির্ধারণের দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সিরাজগঞ্জ শাখার সভাপতি মুঞ্জুরুল ইসলাম রুবেল।
এসময় মুঞ্জুরুল ইসলাম রুবেল বলেন, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদ সৃষ্টি করে নিয়োগ প্রদানের অংশ হিসেবে প্রায় ৩৭ হাজার মানুষকে এই পদে নিয়োগ দেয়া হয়। নিয়োগের পর থেকেই দাপ্তরিক কাজ ও রাতের প্রহরী কাজ পালন করলেও, তারা তাদের ন্যায্য বেতন ভাতা থেকে বঞ্চিত। আমাদেরকে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করতে হয়। নেই কোন নৈমিত্তিক ছুটি। আমরা চাকরি জাতীয়করণের দাবিতে ২০১৭ সালে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের পরে । ২০১৯ সালে পিটিশনের রায় ঘোষণা হয় এবং আদালত ২৪ ঘণ্টার পরিবর্তে ৮ ঘন্টা কর্মদিবস নির্ধারণ করতে বলেন। কিন্তু এই ঘটনার এক বছর পার হতে চললেও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কোন কিছু জানানো হয়নি। তাই আমরা আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করা, আদালতের রায় বাস্তবায়ন করা, আইন অনুযায়ী কর্মঘন্টা নির্ধারণ করা, বেতন বৈষম্য দূর এবং নৈমিত্তিক ছুটির ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে প্রহরী কাম দপ্তরীরা অংশ নিয়েছে। উক্ত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আপেল মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার হোসেন পারভেজ ও কর্মকর্তা কমচারী বৃন্দ।







