সিরাজগঞ্জ উল্লাপাড়ার নগরবাড়ী মহাসড়কের সোলাগাড়ী ব্রীজের কাছে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন । নিহত আঃ আলীম (২৮) উপজেলার বড়হর ইউনিয়নের গুয়াগাতী গ্রামের মনজিল প্রামানিকের ছেলে এবং পেশায় একজন নার্সারী ব্যবসায়ী। আহত দু’জন একই গুয়াগাতী গ্রামের শহীদ (২৭) ও সুলতান(২৬)। নিহতের পারিবার জানায়, এরা তিনজন যৌথভাবে নার্সারী ব্যবসা করেন। আজ সকালে একটি রিকসা ভ্যানে বিভিন্ন চারা গাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। সকালে মহাসড়কের সোলাগাড়ী ব্রীজের কাছে একটি ট্রাক এদেরকে চাপা দিলে ঘটনাস্থানেই আঃ আলীম নিহত হন। আহত দু’জনের মধ্যে শহীদ কে বগুড়ায় পাঠানো হয়েছে এবং সুলতানকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানা কর্তৃপক্ষ জানায়, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকটির চালক পালিয়ে গেছে।









