ছাগলনাইয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়ে দুই পরিবারের বসতঘর ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৮ নং রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধার মানিক মধ্যম পড়ার মাওঃ হানিফের বাড়ীতে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, মাওলানা মোঃ হানিফ ও মোঃ শহীদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, শুক্রবার (২ এপ্রিল) রাত সোয়া ১০ টার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা ছাগলনাইয়া ফায়ারসার্ভিস স্টেশনে আগুনের সংবাদ দিলে দশ মিনিটের মধ্যে স্টেশন অফিসার মোঃ রকিবুল হাসানের নেতৃত্ব অগ্নি নির্বাপনকর্মীরা ঘটনাস্থলে পৌছায়। পরে স্বেচ্ছাসেবী সংগঠন নিজপানুয়া সোসাল নেটওয়ার্ক ও ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে সহায়তা করে। স্টেশন অফিসার মোঃ রকিবুল হাসান জানান, আমরা খবর পেওয়ার দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে হাজির হই এবং এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের সকল আসবাবপত্র নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাত্ক্ষণিক ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে দুই হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।









