ডুমুরিয়ায় মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি ফুটবলার সৈয়দ তরিকুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। সে সাতক্ষীরা জেলার তালা সদর উপজেলার মৃত সৈয়দ সিরাজুল ইসলামের ছেলে। সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া পেট্রোল পাম্পের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, খুলনার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন। এরপর তরিকুল মোটরসাইকেল যোগে খুলনা থেকে বাড়ির উদ্দেশ্যে তালা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কের পাশে অপরিকল্পিত ভাবে রাখা ট্রাক ও অপর একটি ট্রাককে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।
দ্রুত গতির ট্রাকের আঘাতে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এসময় প্রচন্ড আঘাত পেয়ে মাথা ও মুখমন্ডল ফেটে ভেঙ্গে চুরে প্রচুর রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি একদল আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। ডুমুরিয়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর ও ফায়ারসার্ভিস স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দূর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও ট্রাক চুকনগরস্থ খর্ণিয়া হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।









