, , ,

শিরোনামঃ-




ক্রিকেট গোলাপি বল নিয়ে নানা প্রশ্ন ও ভয় কেন

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০১৯, ২১:২০ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ ও ভারত উভয় দলই এই প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলবে। উভয় দলেই চলছে এই বল নিয়ে বিস্তর আলোচনা।

কী আচরণ করবে এই বল, কতটা সুইং করবে, কীভাবে ব্যাটিং করতে হবে গোলাপি বলের বিরুদ্ধে ইত্যাদি নানা প্রশ্ন নিয়ে কথা বলছেন খেলোয়াড়রা।

আজিঙ্কা রাহানে ভারতের টেস্ট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান, যিনি গোলাপি বল দিয়ে অনুশীলন করে রীতিমত ভীতি প্রকাশ করেছেন।

“বলটা ধীরে খেলতে হবে, ব্যাট ও শরীরের দূরত্ব কম রাখা প্রয়োজন,” গোলাপি বলে অনুশীলন শেষেই কীভাবে খেলতে হবে তার একটা ধারণা দিতে চাইলেন তিনি।

গোলাপি বল নিয়ে ভারতীয় গণমাধ্যমে নানা গুঞ্জন, সেটা বোঝা গিয়েছিল বিরাট কোহলির ১৩ই নভেম্বরের এক সংবাদ সম্মেলনে।

পরের দিনই ছিল প্রথম টেস্ট, যেটা কিনা লাল বলের। কিন্তু সেদিন সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল গোলাপি বল নিয়ে – কী ভাবছেন কোহলি?

কোহলি বলেন, “শুরুতে খানিকটা দেখে-শুনে খেলতে হবে, লাল বলে যতটা সহজে আপনি বলের সাথে মানিয়ে নেন গোলাপি বলে তেমনটা হবে না। তেমন শট খেলাও কঠিন হবে।”

“সিম অনেক বেশি নড়াচড়া করে, বিশেষত যেসব মাঠে সুইং হয় সেসব মাঠে খেলা অনেক কঠিন হবে, যদি ঘাস থাকে তো কথাই নেই। এটা বেশ বড় পরীক্ষা হতে যাচ্ছে।”

তবে ক্রিকেটের জনপ্রিয়তার স্বার্থে এই খেলা পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার কথা বলেন কোহলি, “টেস্ট ক্রিকেটে এখন নতুন উপায় অবলম্বন করা হচ্ছে, সেখানে এই খেলাটিকে আরো আকর্ষণীয় করে তুলবে।”

ক্রিকেট, গোলাপী বল, বাংলাদেশ, ভারত
গোলাপি বল দিয়ে খেলতে উদগ্রীব বলে জানিয়েছেন বিরাট কোহলি

একদিন ব্যাট করেই বলের আচরণে একটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোহলি, “এটা বেশি সুইং করে, এটায় বাড়তি ল্যাকার থাকবে (বলের ওপরের চকচকে রঙের স্তর)।

“ফাস্ট বোলারদের জন্য এটা বিশাল একটা সুবিধা। ল্যাকার কমে গেলে পুরোনো বল কেমন করবে – সেটাও হবে একটা দেখার বিষয়।”

ল্যাকার হচ্ছে সেই পদার্থ – যার কারণে নতুন লাল বা গোলাপী বলে ঔজ্জ্বল্য থাকে।

উইকেটের সাহায্য ছাড়াও বল সাধারণত সুইং করে দুটো উপাদানের ওপর নির্ভর করে, যার একটি সিম, আর আরেকটি হলো বলে ল্যাকারের পরিমাণ।

ল্যাকার যতো কমতে থাকে তত ঔজ্জ্বল্য কমতে থাকে। যে কারণে পুরোনো বল দিয়ে যেসব বোলার সুইং করাতে পারেন – তাদের কদর থাকে বাড়তি।

আজিঙ্কা রাহানে বলেন, “আমরা এমন কিছু দিয়ে কখনো খেলিনি, আমরা অপেক্ষা করছি কী হয় আসলে, কীভাবে খেলবো তা ভেবে আমি খুব উত্তেজিত।”

দ্রুত মানিয়ে নিতে চাইছেন ভারত সহ-অধিনায়ক রাহানে, “এই বলের মুভমেন্ট লাল বলের চেয়ে অনেক বেশি। মানিয়ে নেয়াটাই ব্যাপার। আশা করছি সবাই দ্রুত মানিয়ে নিতে পারবে।

“আমরা এখন সম্পূর্ণ অন্য ফরম্যাটে খেলব। টেকনিক্যাল স্কিলও একটা ভুমিকা রাখবে। মানসিকভাবে গোলাপি বলের সাথে মানিয়ে নেয়াটাই বড় কথা।”

ভারতের ঘরোয়া লিগ দুলীপ ট্রফিতে গোলাপি বল দিয়ে খেলেন বিশ্বের অন্যতম সেরা একজন টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা, “যত খেলবো তত পেস ও বাউন্সের সাথে আমরা মানিয়ে নিতে পারবো, দুলীপ ট্রফিতে খেলেছি এই বল দিয়ে। তাই আমি কিছুটা হলেও জানি ঠিক কী করতে হবে।”

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET