, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ




গুইমারায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২৬, ২৩:৪৭ | 603 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোফায়েল আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ অর্জুন নাথ ও গুইমারা দাখিল মাদরাসার অধ্যক্ষ জায়নুল আবেদীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. হাছিনা আক্তার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বাল্যবিবাহের কুফল, নারীশিক্ষার গুরুত্ব, কন্যাশিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন এবং সমাজে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. তোফায়েল আহম্মদ বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, স্বাভাবিক বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। একটি শিশুর হাতে বই-খাতা থাকার কথা, অল্প বয়সে সংসারের বোঝা নয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারলে তারা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কন্যাশিশুদের স্বপ্ন দেখার সুযোগ দিতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে পরিবার ও সমাজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অত্যন্ত জরুরি। মেয়েরা যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। এ ক্ষেত্রে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং নিজস্ব প্রতিভা ও যোগ্যতা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব। বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীশিক্ষার প্রসারে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET