কুমিল্লার চৌদ্দগ্রামে আলী আহম্মদ(৯০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মরহুম আকরাম আলীর পুত্র। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আহম্মদ বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন জামাতা তাজুল ইসলাম। শনিবার ভোরে পাশের বাড়ির এক নারী সুপারি পাড়ার জন্য বাছা মিয়ার ডোবার পাড়ে গেলে লাশটি ভাসতে দেখে লোকজনকে খবর দেয়। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ ওসমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ ওসমান বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে’।









