মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:গোপালগঞ্জের মুকসুদপুর থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর স্যামুয়েল বালা (১১) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার দুপুরে মুকসুদপুর উপজে লার ননীক্ষীর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে একটি পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় রিংকু মজুমদার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রিকু ওই উপজেলার কলি গ্রামের প্রভাষ মজুমদারের ছেলে।নিহত স্যামুয়েল বালা মুকসুদপুর উপজেলার কলিগ্রামের দানিয়েল সরকারের ছেলে ও তালবাড়ী এ্যাপস্টরিক স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র। লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকাবাসী রিংকুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে । মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল বাশার জানান, গত শুক্রবার সকাল ৮ টার দিকে স্যামুয়েল বালাকে পাখি শিকারের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী রিংকু মজুমদার। এরপর সে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে সমুয়েলের বাবা বাদী হয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রিংকু মজুমদার কে আটক করে।রবিবার দুপুরে কৃষ্ণনগর গ্রামের একটি পুকুরে সুময়েল বালার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপাল গঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। নিহতের মা জুলিয়া টিয়া সরকার বলেন, গত শুক্রবার সকাল ৮ টার দিকে আমার ছেলে স্যামুয়েলকে একই প্রতিবেশী রিংকু মজুমদার পাখি শিকার করার কথা বলে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিলো। আমার একমাত্র ছেলেকে রিংকু হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই । মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, অভিযুক্ত রিংকুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









