গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত হয় প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিইসি)পরীক্ষার ফলাফল। এই ফলাফলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চরসাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করেনি। মঙ্গলবার দুপুরে ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ।
জানা যায়, ওই বিদ্যালয় থেকে ৪জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো তার মধ্যে ৪জনই অকৃতকার্য হয়েছে। চরসাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখর চন্দ্র ঘোষ জানান, বন্যা ও নদী ভাঙ্গনের কারণে বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী আসেনি। স্কুলের আশে পাশে কোন ঘর বাড়িও নেই তাই ছাত্র/ ছাত্রীদের পাসের উপযোাগী করতে সক্ষম হয়নি। তাই সবাই ফেল করেছে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষকরা স্কুলে এসে নিজেদের মধ্যে আড্ডা মেরেই দিন কাটিয়ে দেন। যে কারণে স্কুলে পঠনপাঠন লাটে উঠেছে। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের নিকট একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। বিদ্যালয়ের ৫১জন মোট শিক্ষার্থীর বিপরীতে ৪জন শিক্ষক থাকার পরেও এমন হতাশাজনক ফলাফল অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার।









