বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রতিবেদক মাহমুদুল হাসান মাহমুদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত পৌনে ১০টার দিকে রামপুরার ই-ব্লকের ৬ নম্বর রোডে এ হামলার ঘটনা ঘটে।
চ্যানেল নাইন সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটায় চ্যানেল নাইনে অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রথম পর্বটি প্রচারিত হয়। এরপর বাসায় ফেরার পথে হামলার শিকার হন মাহমুদুল।
হামলার শিকার মাহমুদুল হাসান ঢাকাটামসকে জানান, শনিবার রাতে অফিস থেকে বের হয়ে রামপুরায় পৌঁছালে রাস্তা ব্লক করে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল ঘিরে দাঁড়ায়। তারা দাবি করে, তাদেরকে পাঠাও সার্ভিস দিতে হবে। নিষেধ করলে তারা চড়াও হয়।
তিনি বলেন, ‘জাস্ট একটা ইস্যু তৈরি করে হামলার পায়তাঁরা করা হচ্ছিল। পাঠাও চালান না, অ্যাপসে চেষ্টা করার কথা বলতেই জোরপূর্বক মোটরসাইকেলে একজন উঠে পড়ে। যেখানে যেতে বলা হবে সেখানেই যেতে হবে বলে বাধ্য করার চেষ্টা করে। প্রতিবাদ জানালে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ভাই মনির পরিচয়ে মারধর শুরু করে৷ পরে আরও কয়েকজন এসে পুলিশের উপস্থিতিতে কিল-ঘুষি মারে। এসময় রামপুরা বনশ্রীর কল্যাণ সমিতির সাবেক প্রচার সম্পাদক লেবুর পরিচয়ে আরও ২/৩জন হামলায় অংশ নেয়। পরে পরিস্থিতি বুঝে তাড়াতাড়ি বেড়িয়ে গিয়ে রামপুরা থানায় আশ্রয় নেই। সেখান থেকে খিলগাঁও থানায় আসি।’
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগী সাংবাদিক থানাতেই আছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ গ্রহণ করা হচ্ছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









