করোনা ভাইরাস আক্রান্ত (কোভিট-১৯) ঠেকাতে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরা নানামুখি পদক্ষেপ গ্রহন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস ঠেকাতে বিনা প্রয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে।
প্রয়োজনে কেহ ভিতরে প্রবেশ করলে গেটের কাছে রক্ষিত সাবান পানি দিয়ে হাত ধোয়ে প্রয়োজনীয় দপ্তরে যেতে হবে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ, ফেস্টুন টাঙ্গানো সহ সকাল- সন্ধা জনসচেতনতামুলক মাইকিং এবং বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা নিজেই বিভিন্ন হোটেল রেস্তোরায় গিয়ে গ্যাদারিং বন্ধ করেছেন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিএনপি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হতে সাধারণ জনগনের মাঝে পৃথক পৃথকভাবে লিফলেট বিতরণ করেছেন। উপজেলার ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের গরীব মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা মির্জাপুর ইউনিয়নের সমাজ সেবক জয়েন উদ্দীন ব্যক্তিগত অর্থ ব্যয় করে এলাকার মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন। উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবির বলেন, করোনা ভাইরাস সংক্রমনের জরুরী পরিস্থিতি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে ৪ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, সবাই সতর্কতা অবলম্বন করলে এ ভাইরাস বিস্তার লাভ করতে পারবে না। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, বিভিন্ন দেশ থেকে প্রায় ৭৬ জন প্রবাসী আটোয়ারী এসেছেন। এদের মধ্যে অনেকের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে ২৯ জন প্রবাসী আটোয়ারীতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।









