পঞ্চগড়ের আটোয়ারীতে টিসিবি’র মাধ্যমে খোলা বাজারে ডাল, চিনি ও তেল বিক্রি শুরু হয়েছে। পণ্য বিক্রয় পয়েন্টে ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকায় শৃংখলা নিয়ন্ত্রনে কাজ করছে পুলিশ। চলমান করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে দোকানপাট বন্ধ থাকায় নায্য মুল্যে পণ্য কিনতে বিক্রয় পয়েন্টে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে। শুক্রবার(৩মার্চ) বিকেলে টিসিবি ডিলার মেসার্স মানিক এন্ড ব্রাদার্স এর বিক্রয় পয়েন্টে প্রধান অতিথি হিসেবে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন। টিসিবি ডিলার মো: জামিলুর রেজা মানিক, মো: আবুল কালাম আজাদ এবং গনেশ চন্দ্র ঘোষ (ভানু) জানান, প্রথম পর্যায় উপজেলায় ৬,৯০০ কেজি চিনি, ২,৭০০ কেজি ডাল এবং ১,২০০ লিটার তেল বিক্রয় করা হচ্ছে। উপজেলায় মেসার্স মানিক এন্ড ব্রাদার্স, ফারুক ট্রেডার্স, এস.এ এন্টারপ্রাইজ, মেসার্স গনেশ ট্রেডার্স ও তপতী হাস্কিং মিল নামীয় টিসিবি ডিলারগণ সরকার নির্ধারিত মূল্য ডাল ও চিনি ৫০/- টাকা এবং তেল ৮০/- টাকা প্রতি কেজি দরে বিক্রয় করবেন। সামাজিক দুরত্ব বজায় রেখে শৃঙ্খলা নিয়ন্ত্রণে টিসিবি পণ্য বিক্রয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন আটোয়ারী থানা পুলিশ। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা বলেন, করোনার সংকটময় মুহুর্তে জনদুর্ভোগের কথা বিবেচনা করে সরকার আগামী রমজান মাস পর্যন্ত এ কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি সঠিকভাবে পণ্য সরবরাহ এবং করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।









