আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপুর্ণ ভাবে উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য বিভিন্ন দিক নির্দ্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার ও.সি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর আলী, ধামোর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলালসহ উপজেলার কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি মনোজ রায় হিরু প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান, আসন্ন পূজায় প্রশাসনের পক্ষ হতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদুপরি নিরাপত্তার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে সম্ভব হলে সকল পূজা মন্ডপে স্ব-উদ্যোগে সিসি টিভি সংযোগ স্থাপনের পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি জানান, কেন্দ্রীয় দিক নির্দেশনা অনুযায়ী দশমীর দিন রাত ৮ ঘটিকার মধ্যে উপজেলার ৬ ইউনিয়নের ২৮টি মন্ডপের প্রতীমা একযোগে বিসর্জন দেওয়ার জন্য অনুরোধ জানান।
উল্লেখ, সভায় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ সকল মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।









