নয়া আলো ডেস্ক : পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক এবং বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শিমলা ডায়াগনোস্টিক কমপ্লেক্স ও হাসপতালের মালিক আবুল হোসেনকে পুলিশ আটক করেছেন।
জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সুবর্ণা নদীর বাসা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সূবর্ণা নদী আলিয়া মাদরাসার গলিতে ভাড়া বাসায় মা ও একমাত্র শিশু কন্যা নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে রানা শপিংকমপ্লেক্স থেকে তার নিজস্ব অফিসে কাজ শেষে বাসায় ফেরার পথে তার বাসার সামনে আগে থেকেই ওৎপেতে থাকা দু‘ যুবক সূর্বণা নদীর মাথায় ও ঘাড়ে অতর্কিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার চিৎকারে তার মা ও মেয়ে এবং আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার মা ও এলাকাবাসী তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনা পৌর সদরের রাধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের সামনে বাসার কলিংবেল টিপে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। সুবর্ণা নদী গেট খোলার সাথে সাথে তাকে অতর্কিত এলোপাতাড়ি কুপিয়ে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।পরে সুবর্ণাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।







