রামগঞ্জে ট্রলিচাপায় একবছরে ১১জনের মৃত্যু॥
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ- “আমাদের রাজপথ-রাখিবো নিরাপদ” এ শ্লোগানে রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যেগে আজ সোমবার সকালে নিষিদ্ধ ট্রলি বন্ধের দাবীতে রামগঞ্জ সিএন্ডবি সড়কে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্তর নেতৃত্বে ঘন্টাব্যপি মানবন্ধন কর্মসূচি শেষে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তাগণ জানান, বিগত বছরে উপজেলাব্যপি নিষিদ্ধ ট্রলি চাপায় ১১জনের মৃত্যু, অর্ধশত আহতসহ গ্রামীণ সড়কগুলোর ব্যপক ক্ষতিসাধন করে আসলেও একটি সুবিধাভোগি মহল মাসোহারা নিয়ে ট্রলি চলাচলের অঘোষিত অনুমতি দিয়ে আসছে। চলতি মাসে ট্রলি চাপায় শিশু রাব্বী নিহতসহ ৩ এসএসসি পরীক্ষার্থী মারাত্মক হলেও প্রশাসন নির্বিকার রয়েছে। এসময় বক্তব্য রাখেন, রামগঞ্জ সরকারী কলেজ শিক্ষার্থী এম কে মাহবুব রাব্বানী, মনির হোসেন, শাহ-মিরান শিহাব, কবির হোসেন, শওকত জামিল সোহাগ, আবদুল আজিজ সোহেল, সাব্বির আহম্মেদ, ফাহিম আহম্মেদ ও কামাল হোসেন রাজু।
অপরদিকে একই দিন সকাল ১১টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ট্রলি মালিক সমিতির নেতৃবৃন্দদের সাথে বৈঠকের এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার আবু ইউছুফ ট্রলি মালিক সমিতির নেতাদের ৩০জুন পর্যন্ত ট্রলি চলাচল করার অনুমতি প্রদান করেন। এসময় উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তায় সড়ক দূর্ঘটনার নামে বেপরোয়া ট্রলিগুলো মানুষ হত্যা করলেও দেখার কেউ নেই। রাস্তাঘাট ভেঙ্গেচুরে একাকার। কোন সরকারী অনুমতি না থাকা সত্বেও কার স্বার্থে নিষিদ্ধট্রলি উপজেলাব্যপি দাপিয়ে বেড়াচ্ছে তা আমাদের বোধগম্য নয়। এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমীন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া, সহকারী কমিশনার ভূমি শান্তুনু চৌধুরী, রামগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হেলাল, উপজেলা ট্রলি মালিক সমিতির সভাপতি মোঃ কালু মিয়া, সাধারন সম্পাদক মনির হোসেন প্রমূখ।









