সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী একাব্বর আলী আকবরের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কাদাই গ্রামের বাসিন্দারা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন এলাকাবাসী।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এ প্রতিশ্রুতি দেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল তালেবের সভাপতিত্বে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করতে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে হাজী একাব্বর আলী আকবরকে তাঁরা উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী একাব্বর আলী আকবর বলেন, ‘কালিয়া হরিপুর আমার নিজের গ্রাম, আর কাদাই গ্রামে আমার নানার বাড়ি। এ গ্রামের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। এখানকার মানুষের ভালোবাসা ও সমর্থন আমার কাছে অনেক মূল্যবান। নির্বাচিত হতে পারলে কাদাই গ্রামের সার্বিক উন্নয়নে কাজ করব। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং এলাকার মানুষের জীবনমান পরিবর্তনে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের প্রতিটি এলাকার সমান উন্নয়ন নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য।
সভায় কাদাই গ্রামের বাসিন্দারা হাজী একাব্বর আলী আকবরের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।









