গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের রুস্তমপুর থেকে নিখোঁজ ৬ বছরের তাউসিফ আহমদ ও তুহিন আহমদ আলামিন নামের নিখোঁজ দুই শিশুর লাশ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল ৮টায় উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে মৃত অবস্হায় তাদের লাশ পাওয়া যায়।
মৃত তুহিন আহমদ আলামিন রুস্তমপুর গ্রামের কবির মিয়ার পুত্র ও তাউসিফ আহমদ একই গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের পুত্র।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটির লাশ এডিএমের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (৩১অক্টোবর) বিকেলে মাছ মারা দেখতে বের হলে তারা আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে মসজিদের পুকুরে এ দুই শিশুর লাশ পাওয়া যায়।









