মতলব পৌরসভার বোয়ালিয়া এলাকায় স্কুল শুরুর আগে ও পরে বেড়েছে বহিরাগত বখাটে যুবকদের উৎপাত। এসব বখাটে যুবকরা রাস্তার মোড়ে দল বেঁধে দাঁড়িয়ে স্কুলে আসা ছাত্রীদের প্রতিনিয়ত ইভটিজিং করে আসছে। এতে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের মাঝে দেখা চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা যায়।
সরেজমিনে দেখা যায়, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইভটিজিং করার জন্য বোয়ালিয়া বাজারের পূর্ব ও পশ্চিম পাশের রাস্তার মোড়ে, বাগানের পাশে দল বেঁধে একাধিক বখাটে যুবক দাঁড়িয়ে থাকে।
এসময় তারা শিক্ষার্থীদের মনোযোগ আকর্শনের জন্য বিভিন্ন অশ্লীল অঙ্গ-ভঙ্গি করে এবং অনেক সময় শিক্ষার্থীদের নাম ধরে ডাক দেয়। এতে বিদ্যালয়ের আসা-যাওয়া করা প্রতিটি শিক্ষার্থী সব সময়েই আতঙ্কের মধ্যে থাকে।
এসব বখাটে যুবকদের বিষয়ে স্থানীয় একাধিক দোকানদার, শিক্ষার্থীদের অভিভাবক জানান, স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গ নিয়ে এসব বখাটের যুবকরা এলাকায় এসে ছাত্রীদের উত্ত্যক্ত করে বেড়াচ্ছে।
এসব বহিরাগত বখাটে যুবকদের বাড়ি পৌরসভার রুপসী পল্লী ও দশপাড়া এলাকায়। বখাটে এসব যুবকের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ।









