আসন্ন বোরো মৌসুমে সরজমিনে পরিদর্শনের মাধ্যমে হাওরে ফসল রক্ষা বাঁধের প্রাক্কলন তৈরী ও বিগত বছরে বাঁধের কাজ অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) বিল পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে তাহিরপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটি।
মঙ্গলবার দুপুর ১২টায় তাহিরপুর পশ্চিম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা হাওর রক্ষা বাঁধের সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, হাওর সরজমিনে পরিদর্শন করে প্রাক্কলন তৈরী করতে হবে, ঘরে বসে প্রাক্কলন তৈরী করলে চলবে না ।
সেই সঙ্গে বিগত বছরে বাঁধের কাজ অনুযায়ী পিআইসির বকেয়া বিল পরিশোধের দাবি জানিয়ে বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড পিআইসি বাতিলের ষড়যন্ত্র করছে। এজন্য নির্ধারিত সময় পিআইসির বিল পরিশোধ করছে না।
মানববন্ধনে “হাওর বাঁচাও” আন্দোলনের উপজেলা কমিটির আহবায়ক সাইদুল কিবরিয়ার সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক তোজাম্মিল হক নাসরুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সদস্য-সচিব হোসাইন শরীফ বিপ্লব, নুর মিয়া, ওহী প্রমুখ।









