, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নিরাপত্তা ঝুঁকির মধ্যেই সরকারি দায়িত্ব পালন করছেন বিবিএস-এর মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা




নিরাপত্তা ঝুঁকির মধ্যেই সরকারি দায়িত্ব পালন করছেন বিবিএস-এর মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০৫ ২০২০, ২০:১৬ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিরাপত্তা ঝুঁকির মধ্যেই করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি দক্ষতা, অধ্যবসায় ও সুনামের সাথে সরকারি অন্যান্য দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। স্থানীয় প্রশাসনকে নানাভাবে সহযোগিতাও করছেন তাঁরা।

 

গত ২৬ মার্চ ২০২০ খ্রি. তারিখ হতে দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে সাধারণ ছুটি ঘোষণা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কয়েক দফা বাড়িয়ে সে ছুটি আগামী ১৬ মে ২০২০ খ্রি. তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সরকার এ ছুটির মধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে কর্মস্থলে অবস্থান করে, সীমিত আকারে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের ব্যাপারে নির্দেশনা প্রদান করেছে। এছাড়াও ঈদ-উল-ফিতরের ছুটির মধ্যেও কর্মচারীদেরকে কর্মস্থল ত্যাগ না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

জানা যায়, জেলা ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে কর্মরত মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তা ঝুঁকির মধ্যেও নিরলসভাবে সরকারি নির্দেশনা মেনে সরকারি দায়িত্ব পালন করছেন। পরিবার-পরিজনকে ছেড়ে, সীমিত আকারে দপ্তর খোলা রেখে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে জনসংখ্যা, আয়তন, দারিদ্র্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদানে সর্বাত্মক সহযোগিতা করছেন তাঁরা। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা (ত্রাণ) বিতরণ, ভিজিডি, ভিজিএফ, খাদ্য বান্ধব কর্মসূচি, ওএমএসসহ বিভিন্ন কার্যক্রম ও সরকারি বিভিন্ন ভাতা প্রদান কার্যক্রম তদারকির দায়িত্বও পালন করছেন তাঁরা। দায়িত্ব পালন করছেন বাজার মনিটরিং, করোনা ক্রাইসিস রেসপন্স টিম, ভিজিলেন্স টিম ও কুইক রেসপন্স টিমেও। এছাড়াও সামাজিক দূরত্ব এবং হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, করোনা আক্রান্তদের সাথে যোগাযোগ রক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সরকারি বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রণয়নসহ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন ও সমন্বয়ের দায়িত্বও পালন করছেন তাঁরা। উপরন্তু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুমেও নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন বিবিএস-এর কর্মকর্তা-কর্মচারীরা। এসব কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে জনগণের সরাসরি সংস্পর্শে আসছেন তাঁরা। যদিও জনগণের বৃহত্তর স্বার্থে এ ঝুঁকি নিচ্ছেন প্রজাতন্ত্রের এসব কর্মকর্তা-কর্মচারী। স্থানীয় প্রশাসনও তাঁদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করছেন। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত জেলা ও উপজেলা কমিটিরও গুরুত্বপূর্ণ সদস্য বিবিএস-এর মাঠপর্যায়ে কর্মরত উপপরিচালক ও পরিসংখ্যান কর্মকর্তাবৃন্দ।

 

আরও জানা যায়, স্থানীয় উদ্যোগে ফেসশিল্ড তৈরি, ডোর টু ডোর অ্যাসেনশিয়াল গুডস ডিস্ট্রিবিউশন ইন করোনা ক্রাইসিস থ্রু ডিজিটাল সার্ভেসহ নানা ধরনের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নেও নিরলসভাবে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে কর্মরত বিবিএস-এর তরুণ ও উদ্যোমী পরিসংখ্যান কর্মকর্তারা।

 

এতোকিছুর পরেও মাঠপর্যায়ে নিরাপত্তা ঝুঁকির মধ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ায় বিবিএস-এর কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ও আর্থিক প্রণোদনার কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত গ্রহণ করা হয়নি। যদিও সমাজসেবা অধিদপ্তর, হিসাবরক্ষণ বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সরকারের কিছু বিভাগ ও অধিদপ্তর ইতোমধ্যেই এসব ব্যবস্থা গ্রহণ করেছে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও উৎসাহ প্রদানের জন্য। এমতাবস্থায় মাঠপর্যায়ে কর্মরত বিবিএস-এর কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ও আর্থিক প্রণোদনার ব্যবস্থা করার একান্ত প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET