গাইবান্ধার পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে শুক্রবার ভোরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির পরপরই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাখফিরাত কামনা করে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। স্থানীয় সংসদ সদস্যের পক্ষে স্ব-স্ব প্রতিনিধি, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সমূহের নেতৃবৃন্দের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে-সাথে সরকারি-বেসরকারী, ব্যবসা-প্রতিষ্ঠান ও বাসা-বাড়ীতে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় স্থানীয় এস.এম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ সারাদেশের ন্যায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সকাল পৌনে ৯টায় স্কাউট, গালর্স গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় স্থানীয় এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমানসহ অন্যান্যরা।









